ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিটিআরসি নতুন চেয়ারম্যান

১৪ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪৪  

চেয়ারম্যান হিসেবে প্রথম কর্মদিবসে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হচ্ছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। দায়িত্ব গ্রহণের পর প্রথমে নিজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অফিসে ফিরে স্টেকহোল্ডারদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তিনি।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বর্তমান ভাইস চেয়ারম্যানের কক্ষ থেকে চেয়ারম্যান অফিসে অফিস শুরুর প্রথম ভাগেই মেধাবী এই বুয়েটিয়ানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি এবং মোবাইল অপারেটরদের সংগঠন এমটব।

সূত্রমতে, সকালে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক এবং এমটব মহাসচিব লে. কর্নেল মোহাম্মদ জুলফিকার (অব.) চেয়াম্যান অফিসে নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।

আইএসপিএবি সভাপতির সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া এবং বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব উপস্থিত ছিলেন।

এরআগে বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌঃ শেখ রিয়াজ আহমেদ, অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, কমিশন সচিব জনাব মোঃ নূরুল হাফিজসহ বিটিআরসি’র উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত বিটিআরসি চেয়ারম্যান । পুষ্পস্তবক অর্পণের পর এই অবিসংবাদিত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিটিআরসি চেয়ারম্যান সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

জানাগেছে, দেশে টেলিসেবা দেয়া চারটি মোবাইল অপারেটরের শীর্ষ ব্যক্তিরাও নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। সবার আগে ফুলের তোড়া দিয়ে নতুন চেয়ারম্যানকে বরণ করে নেন বিটিআরসি’র কর্মকর্তারা।

প্রসঙ্গত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর দীর্ঘদিন প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ দেশের বাইরে কাজ করেছেন। এর মধ্যে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রিও নিয়েছেন তিনি। এরপর ২০১৯ সালের ৩০ মে বিটিআরসি‘র  ইঞ্জিনিয়ায়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার হিসেবে যোগ দেন প্রবাসী প্রকৌশলী। এরপর ২০২২ সালের ১ নভেম্বর তিনি বিটিআরসির ভাইস-চেয়ারম্যান হন।